ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ঐতিহাসিক হুর মাদারের মেলাকে ঘিরে গ্রামীণ জনপদ জুড়ে বইছে উৎসবের আমেজ।
প্রতি বছরের ন্যায় গতকাল রবিবার (৭ জুন) উপজেলার চেরাগপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামে উৎসবমুখর পরিবেশে এ মেলা অনুষ্ঠিত হয়। শত শত বছর ধরে চেরাগপুর গ্রামে বৈশাখ মাসের ২য় রবিবার হুর মাদারের মেলা অনুষ্ঠিত হয়ে আসলেও ওই সময় ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত থাকার কারণে গ্রামবাসীরা সেটি পরিবর্তন করে বেশ কয়েক বছর থেকে জ্যৈষ্ঠ মাসের ২য় রবিবার মেলার আয়োজন করে আসছে।
ঐতিহাসিক এই মেলাকে কেন্দ্র করে চেরাগপুর গ্রামসহ আশেপাশের কয়েকটি গ্রামে বইছে উৎসবের আমেজ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও মেলাকে ঘিরে রয়েছে নানা আয়োজন। আয়োজক সূত্রে জানায়, ধর্মীয় ও ঐতিহ্যবাহী পরিবেশে প্রতিবছর হুর মাদারের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মেলায় পাশ^বর্তী কয়েকটি জেলাসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষের সমাগম ঘটে।
ঐতিহাসিক হুর মাদারের মেলা শুরুর কয়েকদিন আগে থেকেই গ্রামের বাড়িগুলোতে শুর হয় উৎসবের আমেজ। দূর-দূরান্ত থেকে জামাই-মেয়ে, আত্মীয়-স্বজনরা আসতে শুরু করেন। কয়েকদিন ধরে গ্রামজুড়ে চলে আনন্দ-উৎসব, আত্মীয়তার বন্ধন আর মিলনমেলা। অনেক পরিবার বছরের এই সময়টিকে ঘিরেই আত্মীয়দের নিয়ে বিশেষ আয়োজন করে থাকে।
এ মেলাকে ঘিরে ওইদিন গ্রামেই ৮ থেকে ১০টি মহিষ জবাই করা হয়। প্রত্যেক বাড়িতে আত্নীয়-স্বজনদের জন্য নেয়া হয় মহিষের মাংস। যুগ যুগ ধরে এ নিয়মই চলে আসছে। ফলে মেলাটি শুধু ধর্মীয় বা ঐতিহ্যবাহী অনুষ্ঠানই নয়, এটি গ্রামীণ সামাজিক সম্প্রীতি ও পারিবারিক বন্ধনেরও এক অনন্য মিলনস্থলে পরিণত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যবাহী এ মেলায় বাঁশ-বেত শিল্প, কাঠের আসবাবপত্র, লোহার তৈরি দা, বটি, ছুরি, বিভিন্ন ধরণের খেলনা, দই-মিষ্টি, জিলাপী, কসমেটিক্স সামগ্রী, হাতপাতা, নানা ধরণের মুখরোচক আচার, আখের রস, রঙ- বেরঙের শরবত, বাহারী পান ও কুটির শিল্পের দোকান বসেছে মেলায়।
এ মেলায় শিশুদের আকর্ষণ হিসেবে ছিলো ঘোড়ার গাড়ী। আয়োজক কমিটির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ ও কোষাধ্যক্ষ মোকলেছার রহমান বাবুসহ ২২জন সদস্য নিয়ে মেলা পরিচালনা কমিটি গঠন করে তা পরিচালনা করা হয়।#



