ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকায় অনুমতিবিহীনভাবে পুকুর খনন ও কৃষিজমির টপসয়েল কেটে মাটি বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানকালে ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকায় অনুমোদন ছাড়াই পুকুর খনন, ফসলি জমির উর্বর টপসয়েল অপসারণ এবং কৃষিজমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে ঘটনাস্থলে থাকা ৩টি ভেকু (এস্কেভেটর) মেশিন অকেজো করে দেওয়া হয়।
তবে অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তি বা দুষ্কৃতকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া না যাওয়ায় কোনো আটক কিংবা অর্থদণ্ড প্রদান করা সম্ভব হয়নি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
প্রশাসন আরও জানায়, এর আগেও একই এলাকায় চার দফা অভিযান পরিচালনা করে মোট ৬টি ভেকু মেশিন অকেজো করা হয়েছিল। পাশাপাশি ঝাড়গ্রাম এলাকার জলিল মাস্টার (পিতা: আব্দুস ছামাদ প্রাং) এর বিরুদ্ধে নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি প্রভাবশালী মাটিখেকো চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রির কার্যক্রম চালিয়ে আসছে। প্রশাসনের একাধিক অভিযানের পরও তারা বিভিন্ন কৌশলে এসব কর্মকাণ্ড অব্যাহত রাখার চেষ্টা করছে।
এ বিষয়ে উপজেলা প্রশাসন জানায়, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ পুকুর খনন ও মাটি কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।



