ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী : বৃষ্টির দিনে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপু (৫০)-এর বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে উত্তেজিত জনতা শিক্ষাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর নামক এলাকায়। মঙ্গলবার (৪ আগস্ট) সকালে ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত জনতা উপজেলার ভান্ডারপুরে অবস্থিত আলফা কিন্ডারগার্টেনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযুক্ত শফিউল হাসান দিপু বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পারআধাইপুর গ্রামের বাসিন্দা।সে জামায়াতের আক্কেলপুর উপজেলা সেক্রেটারি, আলফা কিন্ডারগার্ডেনের প্রতিষ্ঠাতা এবং কোলা ইউনিয়নের কাজি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
অভিযোগে জানা যায়, সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভান্ডারপুর এলাকায় অবস্থিত আলফা কিন্ডারগার্ডেনে বৃষ্টির কারণে শিক্ষার্থীর উপস্থিতি কম ছিল। এ সুযোগে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শফিউল হাসান দিপু পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন। তবে শিক্ষার্থীর উপস্থিত বুদ্ধির কারণে সে ঘটনাস্থল থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় বলে পরিবারের দাবি।
শিক্ষার্থীর বাবা জানান, সকালে বৃষ্টির মধ্যে তার মেয়ে বিদ্যালয়ে যায়। প্রধান শিক্ষক তাকে অশ্লীল কথা বলে জড়িয়ে ধরেন। মেয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলে অভিযুক্ত আরও অশালীন মন্তব্য করেন। এরপর আমার মেয়ে পরিবারকে বিষয়টি জানায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে স্থানীয় জনতা, এলাকাবাসী ও শিক্ষার্থীরা ভান্ডারপুরে অবস্থিত আলফা কিন্ডারগার্ডেনে হামলা, ভাঙচুর ও পরে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে যেতে চাইলে প্রথমে স্থানীয়দের বাধার মুখে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আগুন নেভানোর কাজ শুরু হয়।
একই সময়ে ভান্ডারপুর চারমাথা এলাকায় এলাকাবাসী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি এবং বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয়রা জানান, এর আগেও শফিউল হাসান দিপুর বিরুদ্ধে একাধিক নারীসংক্রান্ত অভিযোগ রয়ছে। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে তিনি বলেন, এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি তার শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা এবং কোলা ইউনিয়নের কাজির দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করা হবে বলে তিনি সবাইকে শান্ত থেকে আইনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ( ওসি) রুহুল আমিন মানববন্ধনে উপস্থিত হয়ে বলেন, “অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগীর পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। সবাইকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ করছি।
ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকার আহ্বান জানান।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিচারিক প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে হবে এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে।


