ধূমকেতু প্রতিবেদক,বাঘা : তারাগঞ্জে অনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের অভিযান করে ।
আজ সোমবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার থানা পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সোহেল পাটোয়ারী (৩২)। তিনি থানা পাড়া এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, থানা পাড়া এলাকায় অনুমোদন ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কারখানায় উৎপাদন কার্যক্রম ও পণ্যের মান সম্পর্কে খোঁজ নেওয়া হয়। অভিযানে অনুমোদন ছাড়া নকল ও নিম্নমানের আইসক্রিম উৎপাদন ও বাজারজাতের অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে সোহেল পাটোয়ারীকে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ৪১(১) ধারায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন আসমা উল হুসনা।
তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে অনুমোদনহীন ও নকল পণ্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বা মানহীন খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের এ ধরনের অভিযানকে ভোক্তা অধিকার ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। বিশেষ করে শিশুদের কাছে জনপ্রিয় আইসক্রিমের মতো খাদ্যপণ্য অনুমোদিত মান বজায় রেখে এবং নিরাপদ উপাদান ব্যবহার করে উৎপাদন করা হচ্ছে কি না, তা নিশ্চিত করা জরুরি।
তবে অভিযানে জব্দ বা ধ্বংস করা আইসক্রিমের পরিমাণ সম্পর্কে সংশ্লিষ্ট সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি।


