ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোঃ সোহরাব হোসেনের সদস্য পদ বাতিল করেছে স্থানীয় সরকার বিভাগ। হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিডব্লিউবি কর্মসূচির চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে বিক্রি এবং উপকারভোগীদের সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ এ সিদ্ধান্ত নেয়।
স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর সদস্য পদ বাতিল করা হয়। পরে উপজেলা প্রশাসনের পৃথক বিজ্ঞপ্তিতে তাঁর ইউপি সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনায় জানা গেছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান সাক্ষরিত ইউপি-১ শাখা গত ১২ আগস্ট ২০২৬ তারিখে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সুকাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোঃ সোহরাব হোসেনের বিরুদ্ধে ভিডব্লিউবি কর্মসূচির ৭ হাজার ৭৫০ কেজি চাল উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ ওঠে। একই সঙ্গে কর্মসূচির আওতাভুক্ত ২৪৭ জন উপকারভোগীর জমাকৃত সঞ্চয়ের অর্থ আত্মসাতের অভিযোগও করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে গত ২১ মে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। পরবর্তীতে তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জবাব দেন। তবে তাঁর দেওয়া ব্যাখ্যা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক হয়নি বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁকে সদস্য পদ থেকে অপসারণ করা হয়।
এর ধারাবাহিকতায় গত ২৫ আগস্ট সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুকাশ ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদ শূন্য ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ৩২ উপধারা ২ এর প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ থেকে ওই সদস্য পদটি শূন্য ঘোষণা করা হয়েছে।
সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় সরকার বিভাগের এ সিদ্ধান্তের ফলে সুকাশ ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদটি বর্তমানে শূন্য রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


