ধূমকেতু নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে ভোট দেয় জনগণ, নির্বাচন কমিশন তো ভোট দেয় না। বিএনপি নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কথা বলে, তাহলে তারা কয়েকটি পৌরসভায় নির্বাচনে বিজয়ী হলো কিভাবে? আসলে তারা ক্ষমতার রাজনীতি থেকে ছিটকে পড়ে এখন দিশেহারা ও পথহারা হয়ে পড়েছে।
বৃস্পতিবার বেলা সাড়ে ১১টায় জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভিডিও কর্নফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, নিজেদের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপাতে বিএনপি সিদ্ধহস্ত। আন্দোলনে ব্যর্থ হয়ে ও জনগণের কাছ থেকে নির্বাচনে প্রত্যাক্ষিত হয়ে প্রতিপক্ষ হিসেবে তারা দাঁড় করিয়েছে জনগণ, পুলিশ ও নির্বাচন কমিশনকে।
ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপিকে কেনো ভোট দিবে? তাদের কোনো উন্নয়ন নেই যে সেই উন্নয়য়ন তারা জনগণকে দেখিয়ে ভোট চাইতে পারে। অতীতে তাদের কোনো উন্নয়নে অবদান নেই। সাম্প্রতিক নেতিবাচক মুক্তিযুদ্ধবিরোধী সাম্প্রদায়িক শক্তির পৃষ্ঠপোষকতার যে রাজনীতি তারা করছে এবং আগুন-সন্ত্রাসের কারণে জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, জনগণ তাদের ভোট দিতে চায় না। এর জন্য নির্বাচন কমিশনও দায়ি নয়, সরকারও দায়ী নয়।
আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকসেদ আলী মাস্টারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাংগঠনিক সম্পাদক এম.এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সামছুল আলম দুদু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, গোলাম হাক্কানী, সাবেক সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


