ধূমকেতু নিউজ ডেস্ক : ময়মনসিংহের ত্রিশালে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, জামালপুর সদর উপজেলার খরখরিয়া এলাকার আজিজুল হকের ছেলে ফিরোজ মিয়া (৩২) ও জিহাদ আহমেদ (২৫)।
এদের মধ্যে জিহাদ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে বিসিএস দেয়ার জন্য ঢাকায় তার ভাইয়ের বাসায় গিয়েছিল। অপর দিকে ফিরোজ মিয়া গাজিপুরের নয়নপুরে চাকরি করতেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বলেন, সকালের দিকে গাজিপুর থেকে মোটরসাইকেলযোগে জামালপুরের নিজ বাড়িতে ফিরছিলেন দুই ভাই ফিরোজ মিয়া ও জিহাদ আহমেদ। পথিমধ্যে ত্রিশালের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা দুলালবাড়ি এলাকায় আসতেই পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় ময়মনসিংহগামী একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও বলেন, কাভার্ডভ্যান জব্দ করা সম্ভব হলেও চালক পালিয়েছে। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এঘটনা আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


