ধূমকেতু নিউজ ডেস্ক : শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিঝুড়ি সীমান্তের মালাকুচা এলাকা থেকে ৯ নভেম্বর মঙ্গলবার সকালে একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার হয়েছে।
বনের ভিতর স্থানীয় কৃষক আমীর আলীর বাড়ির চারপাশে পাতা বিদ্যুতের তারে জড়িয়ে ওই বন্যহাতির মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। মৃত্যুর পর হাতির শরীর থেকে বিদ্যুতের তার খুলে নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।
খবর পেয়ে মঙ্গলবার ভোরে বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাতির প্রাথমিক সুরতহাল পরীক্ষা শেষে পোস্টমর্টেম সম্পন্ন করেন। মৃত হাতিটি পুরুষ, বয়স আনুমানিক ২৫-৩০ বছর হতে পারে বলে জানিয়েছে বন বিভাগ।
মালাকুচা গ্রামে হাতি মৃত্যুর বিষয়ে বালিঝুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, হাতির মৃত্যুর খবর পেয়ে ভোরেই ঘটনাস্থলে গিয়ে সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন করেছি। প্রাথমিক সুরতহাল রিপোর্টে ধারণা করা হচ্ছে, হাতিটি বিদ্যুতায়িত হয়ে মারা গেছে। তবে চূড়ান্ত তথ্য ময়নাতদন্তের পর জানা যাবে। এছাড়া এ বিষয়ে শ্রীবরদী থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
স্থানীয় ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শেরপুরের গারো পাহাড়ের বন্যহাতির বিচরণ এলাকায় স্থানীয় লোকজন বন বিভাগের জবরদখলকৃত জমিতে বাড়িঘর নির্মাণ এবং ধান ও সবজির বাগান করে আসছেন। এসব স্থানে বন বিভাগের নির্দেশনাকে উপেক্ষা করে সবজি, ধানক্ষেত ও বাড়ির চারপাশে বিদ্যুতায়িত জিআই তারের বেড়া দিয়েছেন।
বন বিভাগের পক্ষ থেকে বিদ্যুতায়িত জিআই তারের বেড়া তুলে নেওয়ার জন্য বারবার বলা হলেও তারা তা মানছেন না। সবজির বাগানে দেওয়া জিআই তারের বেড়ার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে হাতিটি মারা যায়।


