ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপির কেন্দ্রীয় দপ্তর নিয়ে প্রতিনিয়তই আলোচনা-সমালোচনা চলছে। কেউ কেউ বলছেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দপ্তরের দায়িত্বে থাকলে দলীয় কোনো কর্মসূচি না থাকলেও সাংবাদিকরা নিউজ পান। দপ্তরের কাজও ভালো হয়।
আবার কেউ বলছেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স দায়িত্বে থাকলে দপ্তরের কাজ ভালো হয়। বিবৃতিগুলো সময় মতো পাওয়া যায়।
এনিয়ে দলটির নেতাকর্মীদের প্রায় প্রতিনিয়তই ব্যাপক আলোচনা ও সমালোচনা করতে দেখা গেছে।
রিজভী দপ্তরের দায়িত্বে থাকার সময় প্রায় প্রতিদিনই সংবাদ সম্মেলন ডাকা নিয়ে তার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের অনেক সমালোচনা করতে দেখা গেছে। তাদের ভাষ্য, কী কারণে রুহুল কবির রিজভীকে প্রতিদিনই সম্মেলন করতে হবে? আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো প্রোগ্রাম থাকলেই রিজভী সংবাদ সম্মেলনের ডাক দেবেন কিংবা কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেনই!
রুহুল কবির রিজভীর সংবাদ সম্মেলন প্রসঙ্গে বিএনপির এক সিনিয়র নারী নেত্রীর সঙ্গে কথা হয়। তিনি সচরাচর রিজভীর সংবাদ সম্মেলনে আসেন না। কিন্তু সেদিন এই নারী নেত্রী বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে এই প্রতিবেদককে তিনি বলেন, আজকে এসে আমি বুঝতে পারলাম আপনারা রিজভী ভাইয়ের সংবাদ সম্মেলন নিয়ে কেন এতো কথা বলেন। আপনারা সহ্য করেন কিভাবে? আমি তো সহ্য করতে পারছি না। আর আজকে এটা আমি অনুধাবন করতে পারছি।
অন্যদিকে প্রিন্স দপ্তরের দায়িত্বে থাকার সময় তার স্বাক্ষরিত বিবৃতিতে নানা রকম ভুল নিয়ে সমালোচনা হয়েছে। তার বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ, প্রিন্সের পাঠানো বিবৃতিতে অনেক রকম ভুল থাকে। আর তিনি বিএনপি মহাসচিবের কথায় গুরুত্ব না দিয়েই অনেক কাজ নিজের একক সিদ্ধান্তে করেন।
সম্প্রতি বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই অনুষ্ঠানে বিএনপি মহাসচিবের কাছে এক সাংবাদিকের প্রশ্ন ছিলো, গণমাধ্যমের কর্মীরা সংবাদের গুরুত্ব দেখেন। আজ সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় একটি প্রোগ্রাম করেছেন। সংবাদ কর্মীরা সেখানে গিয়েছিলেন। আর সংবাদ কর্মীরা জানেন যে, বিকেলে মহাসচিবের একটা প্রোগ্রাম আছে। কিন্তু দুপুরের পরেই মোবাইল ফোনে একটা মেসেজ এলো যে, সিনিয়র যুগ্ম মহাসচিব সংবাদ সম্মেলন করবেন। যখনই মহাসচিবের প্রোগ্রাম হয় তখনই সিনিয়র যুগ্ম মহাসচিবের অনুষ্ঠানের মেসেজ আসে! আপনি যেটাই বলেন না কেন, আমরা তো আমাদের মতো একটা অনুমান করে নেই। সেই চিন্তাগুলো কিন্তু পার্টির পক্ষে যায় না। এখানে দলের মধ্যে একটা বিশৃঙ্খলা রয়েছে।
জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনাকে অনেক ধন্যবাদ। অনেক মূল্যবান পয়েন্টগুলো বলেছেন। বিএনপি তো একটা গণতান্ত্রিক দল। বড় দল। এসময় একটা প্রোগ্রাম হলে আমরা আরো গণতান্ত্রিক হয়ে যাই। আর আমাদের সব দিক খিয়াল রাখতে হয়। আর আপনি যে পরামর্শগুলো দিয়েছেন, সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে আমরা দেখবো। এদিকে গত ৬ অক্টোবর থেকে আবারও দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন রুহুল কবির রিজভী। করোনা আক্রান্তের হওয়ার প্রায় সাড়ে ৬ মাস পর এদিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। এরআগে তার অনুপস্থিতিতে কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব ছিলো সৈয়দ এমরান সালেহ প্রিন্সের হাতে।
তবে এমরান সালেহ প্রিন্সের কাছ থেকে দপ্তরের দায়িত্ব নেয়ার আগেও রিজভী দুইবার কেন্দ্রীয় কার্যালয়ের গিয়েছিলেন। কিন্তু ওই সময় তিনি অফিসে প্রবেশ করেনি। অনুষ্ঠান শেষ করেই চলে যান।
গত ১৬ মার্চ করোনা পজিটিভি রিপোর্ট এলে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন রুহুল কবির রিজভী। করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘ সময় আইসিইউতেও চিকিৎসা নিতে হয়েছে।
গত ৯ মে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাসায় ফেরেন রিজভী। এরপর থেকে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি।
রিজভীর করোনা পজেটিভ হওয়ার পর কেন্দ্রীয় দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছিল সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে। কিন্তু ৬ অক্টোবর রিজভী অফিসে যাওয়ায় দপ্তরের দায়িত্ব পালনের বিষয় নিয়ে দলের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছিল। কে দপ্তরের দায়িত্ব পালন করবেন তা নিয়ে শুরু হয় আলোচনা? তবে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও রিজভীকেই দপ্তরের দায়িত্ব দেয়া হয়।
দপ্তরের দায়িত্ব প্রসঙ্গে এমরান সালেহ প্রিন্স বলেছিলেন, রুহুল কবির রিজভী সুস্থ না হওয়া পর্যন্ত আমি দপ্তরের দায়িত্ব পালন করবো। আমাকে দায়িত্ব দেয়া চিঠিতেও এ কথা উল্লেখ ছিলো।


