ধূমকেতু প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়ায় ইঞ্জিন বিকল হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে কাভার্ড ভ্যানের চালক ও সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের শরিষা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর গ্রামের সিহাব উদ্দিন মিয়ার ছেলে সাগর মিয়া (২৮) এবং একই উপজেলার চাতারকান্দি এলাকার মনির হোসেন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরব থেকে মালবাহী একটি কাভার্ড ভ্যান পাবনার সাঁথিয়ার দিকে যাচ্ছিলো। গতকাল রাত থেকে শরিষা ব্রিজের কাছে একটি পাথরবোঝাই ট্রাক ইঞ্জিল বিকল হয়ে থেমে ছিলো। সাঁথিয়াগামী কাভার্ড ভ্যানটি পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ও সহকারী নিহত হন। এ সময় স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে মাধপুর হাইওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম আজাদ বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


