ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে মরিচ খেত থেকে সাহেব আলী (৩৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার বুড়ইল ইউনিয়নের বীরপলি গ্রামের মৃত অবির উদ্দিনের ছেলে।
সোমবার (১০ অক্টোবর) সকালে নন্দীগ্রাম থানা পুলিশ পোতা গ্রামের নিজ মরিচ খেত থেকে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহেব আলী রোববার রাতে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে গ্রামের মসজিদে আয়োজিত মিলাদ মাহফিলে উপস্থিত ছিল। পরে সে বাড়িতে না গিয়ে পোতা তার মরিচ খেতে পাহারা দেয়ার টঙ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে গ্রামের লোকজন টঙ ঘরে সাহেব আলীর লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাহেব আলীর লাশ উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) খায়রুল ইসলাম বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।


