ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে রেললাইনের ওপর থেকে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ১৭ থেকে ২০ বছর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হয়তো ট্রেনে কেটে আত্মহত্যার ঘটনা ঘটেছে। তবে মেয়েটির পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শনিবার (১২ নভেম্বর) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ি রেললাইনে কুমারখালীর সদকী ইউনিয়নের দড়ি মালিয়াট গ্রামের সিএমবি রেলগেট এলাকায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেন তারা। আনুমানিক ১৭ থেকে ২০ বছর বয়সী ওই লাশের শরীরে একাধিক স্থানে ক্ষতচিহ্ন রয়েছে।
স্থানীয় এলাকার বাসিন্দা আশিক বলেন, সাড়ে ৮ টার দিকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি কুষ্টিয়া থেকে রাজবাড়ির দিকে গেছে। হয়তো ওই ট্রেনে কাটা পড়েই যুবতীর মৃত্যু হতে পারে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন হোসাইন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি উদ্ধার করেছে। যেহেতু ঘটনাটি রেললাইনে সুতরাং আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবেন।
তিনি আরও বলেন, মেয়েটির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক এই মৃত্যুর খবর পেয়েছেন বলে নিশ্চিত করেছেন।


