ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ীতে বৃষ্টিতে ভিজে জমিতে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে বিধান চন্দ্র রায় (৩০) নামের এক কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন উৎপল চন্দ্র রায় (৩৫) নামের আরেক কৃষিশ্রমিক।
সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১২ টায় ফুলবাড়ী উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লক্ষ্মীপুর গাইবান্ধাপাড়া গ্রামে ফসলি জমিতে এ ঘটনাটি ঘটেছে।
নিহত বিধান চন্দ্র রায় লক্ষ্মীপুর গ্রামের মৃত পবিত্র চন্দ্র রায়ের ছেলে এবং আহত উৎপল চন্দ্র রায় একই গ্রামের সচিন চন্দ্র রায়ের ছেলে। সম্পর্কে তারা মামা-ভাগ্নে। পেশায় তারা উভয়ে কৃষিশ্রমিক।
বিষয়টি নিশ্চিত করেছেন খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক।
আহত উৎপল চন্দ্র রায় ও স্থানীয়রা জানান, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টিকে উপেক্ষা করেই ১১ জনের একটি কৃষিশ্রমিক দল লক্ষ্মীপুর গাইবান্ধাপাড়া গ্রামে একটি ফসলি জমিতে ধানের চারা রোপণের কাজে যান। রোপণের সময় তিনি এবং তার ভাগ্নে বিধান চন্দ্র রায় পেছনের সাড়িতে ধান রোপণ করছিলেন। এমন সময় হঠাৎ বজ্রপাত ঘটে। এতে উৎপল চন্দ্র রায় ও বিধান চন্দ্র রায় দুজনে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই বিধান চন্দ্র রায়ের মৃত্যু হয় এবং আহত উৎপল চন্দ্র রায়কে তার সহকর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাঁকি কৃষিশ্রমিকরা অক্ষত অবস্থায় আছেন।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


