ধূমকেতু প্রতিবেদক,রায়গঞ্জঃ সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হচ্ছে পবিত্র মাহে রমজানের রোজা। সারাদিন রোজা রেখে সন্ধায় সবাই মিলে এক সাথে ইফতার করার মজাটাই যেনো এক অন্য রকম। এ উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে জমে উঠেছে অলি-গলির ইফতারের বাজার। বিশেষ করে উন্নত মানের হোটেল গুলোতে। আর এই কেনাবেচাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক ধরনের উৎসবের আমেজ। ইফতারের জন্য বিক্রি করা হচ্ছে, নেমকি, বুন্দে, ছোলা, মুড়ি, পিঁয়াজু, বেগুনি, জিলাপি, মাঠা, গোল সহ বিভিন্ন ধরনের ইফতারের সম্ভার। গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গ্রাম-পাড়া, মহল্লা সহ বিভিন্ন হাট-বাজারের অলি-গলি ও ফুটপাতের দোকান গুলোতে ছিল মানুষের উপচে পড়া ভিড়। এবার বেশির ভাগ মানুষ বাসায় তৈরি ইফতারে সবচাইতে বেশি প্রাধান্য দিচ্ছে। তারপরেও ভিরের কমতি নেই উপজেলার অলি-গলির দোকানগুলোতে। ধানগরা গ্রামের এক বাসিন্দা বলেন, রোজার আগের দিন সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী কিনে রাখা হয়েছে। বাসায় বানিয়ে পরিবারের সবাই মিলে এক সাথে ইফতার করা হবে। তাছাড়া বাসায় বানানো খাবারই বেশি খাওয়া হয়। এদিকে উপজেলার গ্রামপাঙ্গাসী গ্রামের আরেক রোজাদার জানান, বাড়িতে ইফতার বানানো খরচ ও ঝামেলা বেশি বলে, বাজার থেকে ইফতার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন তিনি। তবে ভাজা-পোড়াই বেশি পছন্দ করছেন উপজেলার বেশির ভাগ মানুষ। এদিকে ইফতারে ভাজাপোড়া বেশি না খেয়ে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তারগণ।


