ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী ধর্মঘটের আহ্বানের প্রতি সংহতি জানিয়ে ক্লাস বর্জন করে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল করেছেন নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা ১২ টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের মুক্তির মোড়ে এসে পেশাজীবী, শ্রমজীবী ও গণ অধিকার পরিষদের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে এসে যোগ দেন।
এসময় শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইসরাইলের গণ হত্যার প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলিম দেশকে ঐক্যবদ্ধ হয়ে এই গণহত্যার প্রতিবাদ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি করেন। একই সাথে ইসরাইলি পণ্যসহ ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোর পণ্য বর্জনেরও দাবি করা হয়।
মানববন্ধনের শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন স্লোগানসহ শহরের প্রধান প্রধান সড়কে মিছিল পরিচালনা করেন।


