ধূমকেতু নিউজ ডেস্ক : পাবনা সদর উপজেলায় বাঁশবোঝাই ট্রাকের ধাক্কায় একটি অটোভ্যান উল্টে গিয়ে দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
রবিবার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকার বাঙ্গাবাড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তবে নিহতদের মধ্যে দুইজন পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ জানায়, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, সকালে পাবনার দিকে যাচ্ছিল অটোভ্যানটি। এ সময় পেছন থেকে দ্রুতগতির বাঁশবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং দুইজন গুরুতর আহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।


