ধূমকেতু নিউজ ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যৌথবাহিনীর অভিযানে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৮ হাজার ৫শ’ লিটার ভোজ্য তেল জব্দকরা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী লাভের আশায় অবৈধভাবে বিপুল পরিমাণ ভোজ্য তেল মজুদের খবর পেয়ে এ অভিযান চালায় যৌথবাহিনী।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী শহরের সেন্ট্রাল রোডের একটি দোকানে হানা দিয়ে প্রায় ৮ হাজার ৫শ’ লিটার ভোজ্য তেল অবৈধ মজুদের প্রমাণ পেয়ে তা জব্দ করে।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহিবুল্লাহ আকন। এ সময় র্যাব-৯ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়।
অবৈধভাবে ভোজ্য তেল মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে এসব পণ্য মজুদ করা হয়েছিল।
তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাজার অস্থিতিশীল করতে নিত্য প্রয়োজনীয় পণ্য মজুদকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


