ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি। বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।
বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দিনাজপুর জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিওপি থেকে দিন-রাত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।
পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। এছাড়া সীমান্তবর্তী এলাকার স্থানীয় জনগণের সহযোগিতায় তথ্য সংগ্রহ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর ব্যাটালিয়ন-২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ-উর-জামান।
অধিনায়ক, ২৯ বিজিবির অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ-উর-জামান,“বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে প্রতিটি বিওপি থেকে দিন-রাত টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও স্থানীয় জনগণের সহযোগিতায় তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রয়েছে।”


