ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলায় জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার কংগ্রেস’। ২০২৫-২০২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে এবং অতিরিক্ত কৃষি কর্মকর্ত সীমা কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শায়লা শারমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে ও মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ, তাই কৃষকের ভাগ্যের পরিবর্তন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কৃষকদের শুধু উৎপাদন নয়, সঠিক বিপণন ও বিক্রয়সহ সবধরণের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
এমপি বলেন, মান্ধাতা আমলের কৃষি ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক বিশে^র সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।
তিনি আরও বলেন, পার্টানার কংগ্রেসের মাধ্যমে কৃষকেরা হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষক প্রতিনিধিসহ উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।#



