ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সনাতন ধর্মের শিশু, নারী ও পুরুষ গেরুয়া পোষাকসহ নানা রঙের পোষাক পরিধান করে মাথায় পাগড়ি দিয়ে নগ্ন পায়ে কাঁধে বাহুকের সাথে দুই পাশে মাটির দুটি ঘটে গঙ্গাজল বহন করে শোভাযাত্রায় অংশ নেয়।
ব্যোম ব্যোম উদযাপন কমিটির আয়োজনে উপজেলার ঐতিহাসিক বুড়াশিব কালিমাতা মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় রঘুনাথ জিউ মন্দিরে এসে শেষ হয়। এ সময় ভক্তরা তাদের মনোবাসনা পূর্ণের আকৃতি জানিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢালেন। শোভাযাত্রার উদ্বোধন করেন কেন্দ্রীয় রঘুনাথ জিউ মন্দিরের সভাপতি কমল কুমার খৈতান, বুড়াশিব কালিমাতা মন্দিরের সভাপতি ভবতোষ কুমার রায় ভোম ও কুঞ্জবন মন্দিরের সাবেক সভাপতি সাংবাদিক গৌতম কুমার মহন্ত।
এ সময় অন্যান্যের মধ্যে শোভাযাত্রায় অংশ নেন ভীমপুর ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র, কেন্দ্রীয় রঘুনাথ জিউ মন্দিরের সাবেক সভাপতি অমীয় চন্দ্র মন্ডল, ব্যোম ব্যোম উদযাপন কমিটির আহবায়ক অমিত কুমার জয়, যুগ্ম আহবায়ক শশি ভূষণ প্রমূখ। আয়োজকরা জানান, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ শোভাযাত্রায় প্রায় ১ হাজার সনাতন ধর্মাবলম্বী শিশু, নারী-পুরুষ অংশ নেয়।
এ সময় তারা মহাদেবের আশীর্বাদ কামনা করেন এবং বিশ্বের সকল প্রাণীর মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনা করেন। আয়োজকদের দাবি, বাংলাদেশে এবারই প্রথম ‘ব্যোম ব্যোম যাত্রা’ আয়োজন করা হয়েছে। এ আয়োজনকে ঘিরে মহাদেবপুরের স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিরাজ করছিল উৎসবমুখর পরিবেশ।#


