ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর ধামইরহাট ও পত্নীতলা সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৩ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন আগ্রাদ্বিগুন ও শীতলমাঠ বিওপির বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগ্রাদ্বিগুন বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৭/৯-আর থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আগ্রাদ্বিগুন বাজারের পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় ২১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড ও নগদ ১ হাজার ২০০ টাকাসহ মো. রিফাত (২২) নামে এক যুবককে আটক করা হয়। তিনি ধামইরহাট উপজেলার দক্ষিণ খন্ডা গ্রামের বাসিন্দা।
অন্যদিকে, রাত ৮টা ৩০ মিনিটে শীতলমাঠ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪/৪-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে তেপুকুরিয়া স্কুলের পশ্চিম পাশে একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ মো. রুবেল হোসেন (৩৩) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পত্নীতলা উপজেলার আমন্ত গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে উদ্ধার করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।



