ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে শয়নঘরে সাপের কামড়ে আছিয়া বেগম (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বড় চাঙ্গুইর গ্রামের আব্দুর রহমান ধলুর স্ত্রী।
শুক্রবার (১৩ আগস্ট) রাতে আছিয়া বেগম রাতের খাবার খেয়ে শয়নঘরে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে শয়নঘরে একটি বিষধর সাপ এসে তাকে ডান হাতে কামড় দেয়। পরে তাকে কাহালু উপজেলার সিধলায় গ্রামে কবিরাজি চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে এসে ওই গৃহবধু অচেতন হয়ে পড়েন।
তখন তাকে চিকিৎসার জন্য দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন আছিয়া বেগমের মৃত্যুর খরবটি নিশ্চিত করেছেন।


