ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের কাছে ফোন দিয়ে নিজেকে ডিআইজি, এসপি, এএসপি, থানার অফিসার ইনচার্জ অর্থাৎ পুলিশের সিনিয়র অফিসার পরিচয় দানকারী প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকতৃরা হলো, নওগাঁ জেলার মান্দা থানাধীন কেশবপুর এলাকার মৃত ইদ্রীস আলীর ছেলে জাকারিয়া (৩৫), বাংড়া এলাকার মৃত হাসান আলীর ছেলে সাগর (২২) ও সাবাই থানাধীন সুনীল পন্ডিতের ছেলে সুমন পন্ডিত (৪০)।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট তারিখ প্রতারক চক্রের একজন সদস্য জেলা পুলিশ রাজশাহীর কট্রোলরুমের ল্যান্ড ফোনে ০১৭৩৮-৭৪৩৩৩০ নম্বর থেকে ফোন দিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মোহনপুর থানার ডিউটি অফিসারকে উক্ত নম্বরে ফোন দিতে বলে। তখন জেলা পুলিশ কট্রোলরুম মোহনপুর থানার ডিউটি অফিসারকে উক্ত নম্বরে ফোন দিয়ে কথা বলার জন্য বলে। এরপর মোহনপুর থানার ডিউটি অফিসার ০১৭৩৮-৭৪৩৩৩০ নম্বরে ফোন দিলে প্রতারক চক্রটি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে মোহনপুর থানার পার্শ্বে কোন বিকাশের দোকান আছে কি-না জানতে চায় এবং বিশেষ প্রয়োজনে ০১৭০৬-৩৮৩৩৩২ নম্বরে দ্রæত ১০,০০০/-টাকা বিকাশে পাঠাতে বলেন। উর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে দিয়ে বিকাশ যোগে টাকা পাঠানোর বিষয়টি ডিউটি অফিসারের নিকট সন্দেহ হলে তিনি মোহনপুর থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানান।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ ঘটনার বিষয়টি বিস্তারিতভাবে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) কে জানালে তিনি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ০১৭০৬-৩৮৩৩৩২ নম্বরে বিকাশে টাকা পাঠাতে নিষেধ করেন ও জেলা গোয়েন্দা শাখাকে প্রতারক চক্রের বিষয়টি উদঘাটন করে প্রতারকদের আইনের আওতায় আনার নির্দেশ প্রদান করেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির ইন্সপেক্টর আতিকুর রেজার নেতৃত্বে একটি টিম নওগাঁ জেলার মান্দা থানাধীন সাবাই হাট এলাকা থেকে ১৩ আগস্ট বিকাল সাড়ে ৫ টার দিকে আসামী জাকারিয়া (৩৫), সাগর (২২) ও সুমন পন্ডিত (৪০) দেরকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশি করে একটি পুরাতন নোকিয়া মোবাইল ফোন, একটি পুরাতন ম্যাক্সটেল মোবাইল ফোন ও একটি জাল ভোটার আইডি কার্ড পাওয়া যায়। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্নভাবে প্রতারণা করে প্রাপ্ত টাকা বিকাশের দোকান হতে উত্তোলনের সময় জাল ভোটার আইডি কার্ডটি ব্যবহার করে। বিভিন্ন সময় তারা নিজেদের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে। প্রতারণার এই কাজে তাদের সাথে আরও কয়েকজন জড়িত রয়েছে। জাকারিয়া স্বীকার করে যে, তার নিকট একটি অবৈধ অস্ত্র লুকিয়ে রাখা আছে। পরে ১৪ আগস্ট রাত পৌনে ৪ টার দিকে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন টাংগন গ্রামস্থ একটি গলির মধ্যে বালির বস্তা ও বিছানো ইটের নিচ থেকে জাকারিয়া নিজ হাতে সাদা স্বচ্ছ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি অবৈধ আস্ত্র (বিদেশি পিস্তল), একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি বের করে।
আসামীদের বিরুদ্ধে মোহনপুর থানায় পৃথক পৃথক ০২টি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রতারক চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানায় রাজশাহী জেলা পুলিশ।


