ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে নওগাঁয় সারাদিন ব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী, মানববন্ধন, ত্রাণ বিতরণ, আলোচনা সভা ও দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সকাল সাড়ে ৯টায় জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ শহরের মুক্তির মোড়ে অস্থায়ীভাবে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়। সেখানে জেলা প্রশাসক হারুন অর রশীদের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে এখানে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, নওগাঁ পৌরসভা, সিভিল সার্জন কার্যালয়, নওগাঁ জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা জানান।

এছাড়াও সকাল সাড়ে ৯টায় শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নওগাঁ জেলা আওয়ামী লীগ। পরে এতে সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার ১৫ আগস্ট নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে বিকেল সাড়ে ৫ ঘটিকায় জেলা প্রশাসক নওগাঁ হারুন অর-রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, নওগাঁ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, সিভিল সার্জন ডাঃ আবু হানিফ, নওগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, নওগাঁ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম খাঁন প্রমূখ।


