ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও চকপাড়া সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন কালটার (হরমোন জাতীয় তরল ঔষধ) এবং হেরোইন উদ্ধার করেছে ৫৯ বিজিবি, রহনপুর ব্যাটালিয়নের সদস্যরা।
সোমবার দুপুর আড়াই দিকে সোনামসজিদ বিওপি’র হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১-এস হতে ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগবাড়ী গ্রামের একটি আমবাগান হতে মালিকবিহীন ভারতীয় কালটার ৫ বোতল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
অপর অভিযানে চকপাড়া সীমান্তে চকপাড়া বিওপি’র নায়েব সুবেদার রেনু মিয়ার নেতৃত্বে একটি টহল দল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় ১৮৪/৩-এস সীমান্ত পিলার হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাটুলপাড়া গ্রামে তল্লাসি করে মালিকবিহীন ১৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯০ হাজার টাকা।
উভয় অভিযানে আটক কালটার ও হেরোইনের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল আমীর হোসেন মোল্লা পিএসসি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে ভারতীয় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে বিজিবি’র টহল জোরদার করা হয়েছে এবং ব্যাটালিয়ন সদর দপ্তর হতে সীমান্তে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।


