ধূমকেতু প্রতিবেদক, ধামরাই : ঢাকার ধামরাই উপজেলার ১নং চৌহাট ইউনিয়নের ছোট ভাকুলিয়া গ্রামে বংশী নদীতে ভাঙ্গনের কবলে পড়ে বসত বাড়ী হাড়িয়ে সর্বশান্ত কয়েক পরিবার। হুমকির মুখে রয়েছে ফসলী জমি ও অর্ধশত বসত বাড়ি।
স্থানীয়রা বলেন, ভাঙ্গন এভাবে চললে আমরা খুবই বিপদের মুখে পড়বো আমাদের গ্রামে একটি মাত্র মসজিদ এটিও নদীর গর্ভে চলে যাবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীপাড়ের কয়েকটি বাড়ি পুরোপুরি নদীতে বিলীন হয়ে গেছে বসত বাড়ি হারিয়ে অন্যের বাড়িতে রয়েছেন তারা। কেউ কেউ বাস করছেন রাস্তার মোরে। কয়েকজন হারিয়েছে তাদের একমাত্র সম্বল ফসলি জমিটি। প্রতিমূহুর্তেই ভেঙ্গে পড়ছে খন্ড খন্ড মাটি। নদীর পানি যত বাড়ছে ভাঙ্গন ততই বেগবান হচ্ছে।
এ বিষয়ে বসত বাড়ি হারানো আব্দুল জলিল বলেন, দুই দিন আগেও আমার বাড়ি ছিল কিন্তু এখন নদী হয়ে গেছে আমার এই বাড়িই ছিল শেষ সম্বল আমার থাকার জায়গাও নাই।
আজিজ হোসেন বলেন,আমার বাড়ি ভেঙ্গে যাওয়ার কারণে আমি অন্যের বাড়িতে বাস করছি বাড়ি বানানোর সামর্থ নাই আমার। বসতবাড়ি হারিয়ে কয়েক বছর আগে বাড়ি করেছিলেন শামছুল হক কিন্তু সেটি এখন আবারও ভাঙ্গনের মুখে।
এ বিষয়ে শামছুল হক বলেন, এই বাড়িটি ভেঙ্গে গেলে আমার আর কিছু থাকবে না।
গ্রামের বয়জেষ্ঠ আলীম উদ্দিন বলেন, আমাদের গ্রামে একটা মাত্র মসজিদ আমরা সবাই মিলে অনেক কষ্টে পাকা করেছি এভাবে ভাংতে থাকলে হয়তো এটাও নদীতে চলে যাবে।
জানা যায়, গত কয়েক বছরে বাড়ি হারিয়েছেন এই গ্রামের ফজর আলী, সুলতান মিয়া, বাসেদ আলী, মোখলেছ আলী, হালিম, আব্দুল আলীমসহ আরও কয়েক পরিবার।
এলাকাবাসী বলেন, আমরা নদী ভাঙ্গনের কারনে বসত ভিটা হারাতে বসেছি আমাদের গ্রামের একটি মাত্র মসজিদ এভাবে হয়তো এটাও ভেঙ্গে নদীতে চলে যাবে। ভাঙ্গনের বিষয়ে কেউ কোন খোজ খবর নেয়নি, বিপদগ্রস্থ এই মানুষগুলো তাদের বসতবাড়ি ফসলি জমি রক্ষায় সরকার ও স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে ভাঙ্গন রোধে দ্রুত ব্যাবস্থা নেওয়ার অনুরোধ করেছেন।


