ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের লিগ্যাল এইড শাখার সিনিয়র সহকারী জজ জাহিদুল ইসলাম জুয়েল তার দুই শিশুপুত্রকে অস্ত্র চালানো শেখাচ্ছেন- এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। পাঁচ বছর আগের ভিডিওতে নানা কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য এবং পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে বিভিন্ন বাজে পোস্ট করার দায়ে এক যুক্তরাষ্ট্র প্রবাসীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন সিনিয়র সহকারী জজ জাহিদুল ইসলাম জুয়েল।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোজাফফর হোসেন। সোমবার (০৭ সেপ্টেম্বর বিকেলে মামলাটি দায়ের করা হয়। মামলার আসামী যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক প্রবাসী নড়াইল জেলার মহিষখোলা গ্রামের নিয়াজ মাহমুদ ভিকু (৫৫)।
বিচারক জাহিদুল ইসলাম জুয়েল জানান, ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২২(২), ২৩(২), ২৬(১), ২৯(১) ও ৩৫(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত কর্তৃত্ব ছাড়াই আমার, আমার স্ত্রীর, ভাইয়ের স্ত্রী, ভাই-বোন ও সন্তানদের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যবহার করেছেন। এছাড়াও ফেসবুকে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার করেছেন। এই অপরাধের দায়ে নিয়াজ মাহমুদ ভিকুর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

লিগ্যাল এইড শাখার এই বিচারক আরও বলেন, গত পাঁচ মাস ধরে আমার বোনকে ম্যাসেঞ্জারে বিরক্ত করছে নিয়াজ মাহমুদ ভিকু। আমার বোন পলি রহমানকে নানা কু-প্রস্তাব দিলে তাতে রাজি না হওয়ায় আমার ও আমার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোংরা, জঘন্য, কুরুচিপূর্ণ, মানহানিকর নানা পোস্ট করছে। এমনকি আমার স্ত্রী, বোন, ভাইয়ের বউয়ের ছবি ব্যবহার করে চলতি মাসের ২, ৩, ৪ ও ৫ সেপ্টেম্বর জঘন্য পোস্ট করে। নিজের দুটি আইডি ছাড়াও আরও কয়েকটি ফেক আইডি থেকে এধরনের মানহানিকর পোস্ট করছে ভিকু।
সিনিয়র সহকারী জজ জাহিদুল ইসলাম জুয়েল বলেন, আমি যদি একজন সরকারি কর্মকর্তা হয়েও এমন হয়রানির শিকার হয়, তাহলে জনসাধারণের অবস্থা অবশ্যই আরও করুন। আশা করি, ডিজিটাল নিরাপত্তা আইনে এর সুষ্ঠু বিচার পাব। আগামীতে এধরনের নোংরামি যাতে কেউ করতে না পারে এমন দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে ২০১৬ সালের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, পিস্তল হাতে শিশু ছেলে। পেছনে দাঁড়িয়ে বিচারক বাবা। তিনি ছেলেকে শেখাচ্ছেন ট্রিগার চাপার কৌশল। ছেলেও একের পর এক ছুড়ছেন গুলি। বিকট শব্দে কেঁপে উঠছে চারপাশ। নিজের লাইসেন্স করা দুইটি অস্ত্র ব্যবহার করে সুন্দরবন বেড়াতে গিয়ে বাচ্চারা শখ করে পিস্তল দিয়ে গুলি করেছিল বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালতের লিগ্যাল এইড শাখার সিনিয়র সহকারী জজ জাহিদুল ইসলাম জুয়েল।


