ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : প্রত্যন্ত গ্রামে যারা অর্থের অভাবে বাড়িতে নলকুপ বসাতে পারেননি। দীর্ঘদিন থেকে অন্যের বাড়ি থেকে পানি এনে গোসল করা ও পান করাসহ সংসারের যাবতীয় কাজ করে আসছেন, এমন ৯টি বাড়িতে নিজস্ব অর্থায়নে গভীর নলকুপ বসিয়ে দরিদ্র পরিবারের লোকজনের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে আলোচনায় চলে এসেছেন রবিউল ইসলাম মন্ডল নামে এক নির্মাণ শ্রমিক নেতা। তিনি লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়িভাঙ্গা এলাকার মৃত গন্দে মন্ডলের পুত্র।
জানা গেছে, নির্মাণ শ্রমিক নেতা রবিউল ইসলাম জানতে পারেন, মহেন্দ্রনগর ইউনিয়নের কয়েকটি গ্রামে কিছু দরিদ্র পরিবার অর্থের অভাবে বাড়িতে নলকুপ বসাতে পারেনি। তারা অন্যের বাড়ি থেকে পানি এনে দৈনিক সংসারের যাবতীয় কাজ করে আসছেন। অসহায় এসব পরিবারের কষ্টের কথা উপলব্ধি করে তিনি সম্পূর্ন নিজম্ব অর্থায়নে দরিদ্র ৯টি পরিবারে গভীর নকলকুপ বসিয়ে দিয়ে সুপেয় পানি পানের ব্যবস্থা করে দেন।
ইউনিয়নের দক্ষিণ হাড়িভাঙ্গা এলাকার গভীর নলকুপ পাওয়া পরিবারের সদস্য বৃদ্ধা আসমা বেগম জানান, দীর্ঘদিন প্রতিবেশিদের বাড়ি থেকে কষ্ট করে পানি এনে দৈনিক সংসারের যাবতীয় কাজ করে আসছি। অর্থের অভাবে নলকুপ বসাতে পারিনি। হঠাৎ একটি টিউবওয়ে নিয়ে কয়েকজন লোক বাড়িতে এসে বলে, আপনারা কোথায় নলকুপ বসাবেন। পরে জায়গা দেখিয়ে দিলে তারা নলকুপ বসানোর কাজ শুরু করেন। পরে জানতে পারি একই এলাকার নির্মাণ শ্রমিক নেতা রবিউল ইসলাম মন্ডল নিজ খরচে টিউবওয়েল কিনে তা মিস্ত্রি দিয়ে বাড়িতে বসিয়ে দিলেন। এসময় ওই বৃদ্ধা নির্মাণ শ্রমিক নেতা রবিউল ইসলাম মন্ডলের জন্য দোয়া করেন।
পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা বয়জ্যেষ্ঠ খলিলুর রহমান জানান, তারাও দীর্ঘদিন থেকে অন্যের বাড়ি থেকে পানি এনে গোসল করা ও পান করাসহ সংসারের কাজ করে আসছেন। শ্রমিক নেতা রবিউল ইসলাম তাাদের কষ্টের কথা ভেবে নিজ খরচে টিউবওয়েল কিনে তা মিস্ত্রি দিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছেন।
এ ব্যাপারে নির্মাণ শ্রমিক নেতা রবিউল ইসলাম মন্ডল বলেন, গ্রামের মানুষের কষ্টের কথা ভেবে নিজ খরচে ইউনিয়নের কয়েক গ্রামে মোট ৯টি গভীর নকলকুপ বসানো হয়েছে। প্রতিটি নলকুপ ক্রয় করে তা বসানো পর্যন্ত খরচ হয়েছে ৩ থেকে ৪ হাজার টাকা। যারা অর্থের অভাবে বাড়িতে নলকুপ বসাতে পারেনি। এমন দরিদ্র পরিবার থাকলে তাদের বাড়িতেই সাধ্যমত বিনামূল্যে গভীর নলকুপ বসানোর ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।


