ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদ চত্বরের মরাগাছ কাটতে গিয়ে একজন গাছকাটা শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিক হচ্ছেন উপজেলার কানপাড়া কাজলা গ্রামের আলফাজ আলীর ছেলে তফিজুদ্দিন ওরফে তফু (৫০)।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার ইব্রাহীম আলী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যানের বাসগৃহ নির্মাণের যায়গায় দুটি মরা কড়ইগাছ কাটার সময় গাছকাটা শ্রমিক তফু পাশের গাছের উপর উঠে ডালপালা কাটছিল। এসময় পাশের কাটা গাছটি ওই গাছের উপর পড়ে যায়।

তিনি আরও জানান, কাটাগাছের ডালে তফুর বাম পা চাপা পড়ে। তার চিৎকারে নীচের শ্রমিকরা টের পেয়ে প্রথকে নিজেরাই তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা ব্যার্থ হলে নাচোল ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে নাচোল ফায়ার স্টেশনের একটি দল তফুকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত আহত শ্রমিক সুস্থ্য আছেন বলে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা চৌধুরী ও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ইব্রাহীম আলী জানান।


