ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দশরশিয়া নামক জায়গায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা পর্যন্ত দুই জন নিহতের খবর পাওয়া গেছে। ৫০-৬০ জন যাত্রী নিয়ে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলাউড়ি হতে চরপাঁকা গ্রামে পদ্মা নদী দিয়ে যাওয়ার পথে এই নৌকাডুবি হয়। বিকেল ৪টা পর্যন্ত ১৫-২০ জন যাত্রী নিখোঁজ রয়েছে।
নিহতরা হলেন, পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫০) ও তার নাতি শিয়াম (০৫)।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, বুধবার বেলা আড়াইটার দিকে এ নৌকাডুবির ঘটনা ঘটে। বেলা ৪টা পর্যন্ত ২ বা ৩ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা দিয়েছে।
পদ্মা নদীতে উত্তাল ঢেউ, বাতাস, অতিরিক্ত পন্য বোঝায় ও যাত্রী পরিবহনের জন্যই এই নৌকাডুবি হয়েছে বলে জানান চরপাঁকা গ্রামের বাসিন্দা আল আমিন জুয়েল। নৌকাডুবির পর সাঁতার দিয়ে অনেক যাত্রী তীরে আশ্রয় নিয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্বারে বিশরশিয়া গ্রামের বাসিন্দারা উদ্বার অভিযান করছে বলে জানান তিনি।


