ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট এলাকায় সোমবার ৪ অক্টোবর সকাল ১০টায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় লোকদের নিকট থেকে ২০০০ টাকা করে তুলছিলেন বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান (৫০)।
এতে গ্রামবাসীর সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তার কথাবার্তায় সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে জানায়।
জানতে পেরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি টাউট আইন ১৮৭৯ এর অর্ন্তভুক্ত হওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অনুরোধ করেন।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতে টাউট আইন ১৮৭৯ এর ০৬ ধারা মোতাবেক আব্দুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়।
এবিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, আব্দুর রহমান প্রধানমন্ত্রীর উপহারের ঘর ও একটি বাড়ি একটি খামারের ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে স্থানীয় লোকদের নিকট থেকে টাকা তুলেছেন। এ কথা সে স্বীকার করেছেন। উপযুক্ত তথ্য প্রমানের ভিত্তিতে টাউট আইন ১৮৭৯ এর ০৬ ধারা মোতাবেক আব্দুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদÐ দেওয়া হয়।


