ধূমকেতু প্রতিবেদক, বড়াইগ্রাম : নাটোরের বড়াইগ্রাম উপজেলার চাঁন্দাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহনাজ পারভীনের মনোনয়ন পরিবর্তনের দাবী করেছেন স্থাণীয় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা।
শনিবার সকালে চান্দাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবী জানানো হয়। প্রায় দুই শতাধীক নেতাকর্মীর চান্দাই বাজার বিক্ষোভ মিছিল করে। মনোনয়ন পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমানকে মনোনয়ন দেওয়ার দাবী করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসএম মেহেদী পারভেজ বলেন, শাহনাজ পারভীন তথ্য গোপন করে জালিয়াতির মাধ্যমে দলীয় হাইকমান্ডকে ভুল পথে পরিচালিত করে মনোনয়ন নিয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি শাহনাজ বেগমের নামের সাথে মিল থাকায় ওইসব পদ পদবী ও স্বামীর ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে দলীয় মনোনয়ন পান শাহনাজ পারভীন। এছাড়া তার পরিবারের সাথে স্বাধীনতা বিরোধী জামায়ের সম্পৃক্ততা রয়েছে।
মুক্তযোদ্ধা আরশেদ আলী খাঁন বলেন, দলের নিবেদিত প্রাণ ও ইউনিয়ন আওয়ামী লীগের কান্ডারী বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমানকে মনোনয়ন দেয়া হয় নাই। তাই মনোনয়ন পরিবর্তন না করলে অবশ্যই এই ইউনিয়নে জনবিচ্ছিন্ন শাহনাজ পারভীন অবশ্যই হারবে। আমরা বিষয়টি নিয়ে পর্যালোচনার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি।
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়নের মুক্তযোদ্ধা আরশেদ আলী খাঁন, সাইফুল ইসলাম, মোতাবেল হোসেন, সেকেন্দার আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি সাংগঠনিক সম্পাদকসহ সকল ওয়ার্ডের সভাপতি-সম্পাদকসহ দুই সহস্রাধিক নেতাকর্মী।
প্রার্থী শাহনাজ বলেন, আমার স্বামী মুক্তিযোদ্ধা ছিলেন। মারা যাওয়ার সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আমি কোন ভুল তথ্য দেই নাই। আমি কোন জামায়াত পরিবারের সদস্য নই। বর্তমান চেয়ারম্যানের চাচাত ভাই আব্দুল হাই সরকার জামায়াত মনোনিত এমপি প্রার্থী ছিলেন। তার পরিবারের সদস্য কেউ আওয়ামী লীগের সদস্য না। বিগত নির্বাচনে চেয়ারম্যানসহ সকল সদস্যই নৌকা প্রতিকের বিরোধিতা করেছে।


