ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তাদের শিশুদের প্রতিভা বিকাশে চিত্ত বিনোদনের জন্য নির্মিত জেলা পরিষদের বাস্তবায়নে শেখ রাসেল শিশু পার্ক উদ্বোধন হয়েছে আজ।
মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ২ টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দীন আহম্মেদ, পটুয়াখালী-১ আসনের সাংসদ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাড. শাহজাহান মিয়া, পটুয়াখালী-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এসএস শাহজাদা সাজু, পটুয়াখালী-৩ আসনের সাংসদ মহিব্বুর রহমান মহিব।

আরও উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সহ জেলার সকল পৌরসভা ও উপজেলার চেয়ারম্যানবৃন্দ, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহম্মদ শহিদুল্লাহসহ জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মন্ত্রী এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন লোহালিয়া সেতুর নির্মান কাজ পরিদর্শন করেন।
মন্ত্রী বেলা সাড়ে ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমীতে স্থানীয় সুধী সমাবেশে যোগদান করেন। উদ্বোধনের পর এলজিইডি কর্তৃক বাস্তবায়নধীন কলাপাড়া “আন্দারমানিক” ব্রীজের নির্মাণ কাজ পরিদর্শন করবেন।

এদিকে শেখ রাসেল শিশু পার্কের উদ্বোধনের কথা শুনে জেলা শহরের শিশুরা আনন্দে উল্লাসে মাতোয়ারা। শিশুদের সাথে অভিভাবকরা ও অনেক আনন্দিত।
স্থানীয় সুশীল সমাজের একজন জানান, শিশু পার্ক উদ্বোধন হওয়ায় আমরা অনেক খুশি। পার্কের মাধ্যমে শিশুদের মোবাইল গেমস ও মাদক থেকে দূরে রাখা যাবে।


