ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনা সদর উপজেলার চরতারাপুরে অনুষ্ঠিত হয়েছে মনোমুগ্ধকর লাঠি খেলা।
বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি থেকে গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ লাঠি খেলার উদ্বোধন করেন, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হক টুটুল।
শহীদ আমিনুল হক বাক্কু স্মৃতি সংঘের আয়োজনে ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ চরতারাপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক শাহজাহান আলী তোফাই এর স্বাগত বক্তব্যের মধ্যে দিয়ে শুরু হওয়া খেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পাবনা সদর থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বকুল খান, চরতারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দুলাল হোসেন, সমাজ সেবক সিদ্দিকুর রহমান লিটন, ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাবু, আওয়ামীলীগ নেতা সন্তেশ প্রাং, স্থানীয় সমাজসেবক আজিবর, পলাশ, রিপন, চয়েন, সবুজ ও কালু প্রমুখ।
এদিকে, এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উৎসবের আমেজ। বৃহস্পতিবার (২১ অক্টোবর) চরতারাপুর ইউনিয়নের নতুন গোহাইলবাড়ী গ্রামে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই প্রাচীন খেলা। কালের ক্রমে হারিয়ে যাওয়া এ লাঠি খেলা দেখতে ভিড় করে নানা বয়সের মানুষ। গ্রামীণ এ লাঠিখেলাকে টিকিয়ে রাখতে দরকার প্রয়োজনীয় পৃষ্টপোষকতা এমনটাই মনে করেন দর্শনার্থীরা।
বৃহস্পতিবার কেউ হেঁটে আবার কেউবা ভ্যান কিংবা মোটরসাইকেলে খেলার দেখতে মাঠে আসতে শুরু করেন। সুর্য পশ্চিম দিগন্তে একটু হেলে পড়তেই শুরু হয় খেলা। ঢাক, ঢোল আর কাঁসার ঘন্টার শব্দে চারপাশ উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদ্যের তালে নেচে নেচে লাঠি খেলে অঙ্গভঙ্গি প্রদর্শন করে লাঠিয়ালরা। তারপরপরই চলে লাঠির কসরত। প্রতিপক্ষের লাঠির আঘাত থেকে নিজেকে রক্ষা ও তাকে আঘাত করতে ঝাঁপিয়ে পড়েন লাঠিয়ালরা। এসব দৃশ্য দেখে আগত দর্শকরাও করতালির মাধ্যমে উৎসাহ যোগায় খেলোয়ারদের।
এসময় হারিয়ে যাওয়া এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে সরকারি পৃষ্টপোষকতার মাধ্যমে নিয়মিত এই ধরণের আয়োজন করার দাবি করেন দর্শকরা। সমাজ থেকে অন্যায় অপরাধ দুর করতে আর হারানো ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন বলে জানান আয়োজকরা।


