ধূমকেতু প্রতিবেদক, নাটোর : সূবর্ণ জয়ন্তি দশকে পদার্পণকারী ঐতিহ্যবাহী নাটোর প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাসস এর ফারাজী আহম্মদ রফিক বাবন সভাপতি এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাবে কার্যালয়ে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রেসক্লাবের ৩৮ জন সদস্য ভোট প্রদান করেন। এরপর গণনা শেষে ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার নাটোর কালেক্টরেটের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী এবং নাটোরজজ কোর্টের পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচনে সভাপতি পদে ফারাজী আহম্মদ রফিক বাবন ২৭ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি এ বি এম মোস্তফা খোকন ৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বাপ্পী লাহিড়ী ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমুল হাসান ১১ ভোট পান।
তের সদস্যের কার্য নির্বাহী পরিষদে জুনিয়র সহ সভাপতি পদে যুগান্তরের শহীদুল হক সরকার, কোষাধ্যক্ষ পদে জিটিভি’র কামরুজ্জামান দেলোয়ার এবং সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে মনজুর-ই-মওলা সাব্বির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে দৈনিক উত্তরবঙ্গ বার্তা’র দুলাল সরকার, যুগ্ম সম্পাদক পদে আনন্দ টিভি’র জাহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক সংগ্রামের রিয়াজুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে এসটিভি’র এম এম আরিফুল ইসলাম এবং কার্য নির্বাহী সদস্য পদে এসএ টিভি’র মোস্তাফিজুর রহমান টুটুল, এশিয়ান টিভি’র এনামুর রহমান চিনু, ঢাকা ট্রিবিউন এর কামাল মৃধা, দীপ্ত টিভি’র সাহেদুল আলম রোকন নর্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে সদস্যদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। তিন দিন ধরে প্রেসক্লাব ভবন এবং প্রেসক্লাব চত্বরের সড়ক দ্বীপ আলোক সজ্জায় সজ্জিত করা হয়।


