ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : খুলে গেল দক্ষিণ অঞ্চলের প্রবেশপথ পায়রা লেবুখালী সেতু।
রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেন।
এসময় পটুয়াখালীর লেবুখালী প্রান্ত থেকেও সংযুক্ত ছিলেন সংশ্লিষ্টরা।
গণভবনে প্রধানমন্ত্রীর সাথে আরও ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আমির হোসেন আমু সহ মন্ত্রী পরিষদ সচিব।
পটুয়াখালী থেকে জেলা প্রসাশক কামাল হোসনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল ধর্মপ্রতিমন্ত্রী এ্যাড. শাহাজাহান মিয়া ও বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসন মঞ্জু, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামিম আল সাইফুল সোহাগ সহ আওয়ামী লীগের বরিশাল ও পটুয়াখালীর নেতাকর্মীরা।
ব্রিজ উদ্বোধনের মাধ্যমে উন্মুক্ত হলো দক্ষিণ অঞ্চলের উন্নয়নের আরেকটি ধাপ। এখন ঢাকা থেকে পটুয়াখালী আসতে শুধু পদ্মা ফেরি পার হতে হবে।
এছাড়া আর কোনো ফেরি নেই। বরিশাল থেকে মাত্র ৪০ মিনিটে পটুয়াখালী আসা যাবে।


