ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : টানা কয়েকদিনের বর্ষণ ও ভারতের গজলডোবার সব কয়টি জলকপাট খুলে দেওয়ায় লালমনিরহাটে তিস্তা নদীতে হঠ্যাৎ পানি বেড়ে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়।
যার ফলে নদীর তীরবর্তী এলাকায় বন্যা ও খাদ্য সংকট নিয়ে দুর্দিন ও অনাহারে দিন কাটাচ্ছেন জেলার প্রায় ১০ হাজার পরিবার।
এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের একনজর দেখতে ও তাদের পাশে দাঁড়াতে গত বৃহস্পতিবার জেলা পুলিশের উদ্যোগে খাবার বিতরণ করেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম)।
এসময় লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ও আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের প্রায় পাঁচশতাধিক অসহায় ও বন্যা কবলিত পরিবারের মাঝে খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম , অতিরিক্ত পুলিশ সুপার (সদর এ-সার্কেল) মারুফা জামানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।


