ধূমকেতু নিউজ ডেস্ক : বরগুনায় আবদুল আলিম (১২) নামের এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আহত শিশুটিকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নেয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
বরগুনা সদর উপজেলার পশ্চিম হেউলিবুনিয়া মৃধা বাড়ি হাফিজিয়া মাদ্রাসায় শুক্রবার এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. মারুফ হোসেন তালতলী উপজেলার আবদুল খালেকের ছেলে।
আহত শিশুর পরিবার জানায়, শুক্রবার সকালে আলিম শিক্ষকদের না জানিয়ে বাড়িতে চলে আসে শিশুটি। পরে মাদ্রাসার হেফজ বিভাগের দায়িত্বে থাকা শিক্ষক মারুফ হোসেন আলিমকে দুপুরে বাড়ি থেকে ধরে মাদ্রাসায় নিয়ে আসেন। তিনি বেত্রাঘাতসহ বেধড়ক মারধর শুরু করেন। একপর্যায়ে আলিম অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে অভিভাবকরা তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান।
বরগুনা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাজহারুল ইসলাম বলেন, শিশুটির শরীরজুড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ছাত্রের বাবা ফরিদ হাওলাদার বলেন, আমি গরিব মানুষ। রিকশা চালিয়ে ছেলেমেয়ের পড়ালেখা করাই। ছেলেকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিয়েছি, তাকেতো মেরে ফেলার জন্য দেইনি। আমার ছেলের সারা শরীরে বেত্রাঘাতের চিহ্ন রয়েছে। লাথি দিয়েছে, পা দিয়ে গলা চেপে ধরেছে, কান ফেটে রক্ত পড়ছে। এভাবে কোনো শিক্ষক কোনো ছাত্রকে মারতে পারে না। এটা বর্বরতার শামিল। আমি এর উপযুক্ত বিচার চাই।
ঘটনার পরপরই অভিযুক্ত শিক্ষক মারুফ হোসেন মাদ্রাসা থেকে পালিয়ে যাওয়ায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
মাদ্রাসাটির সহকারী শিক্ষক মো. জাবের বলেন, কাজটি ঠিক হয়নি। তিনি বিষয়টি বুঝতে পারেননি। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. রাজা মিয়া বলেন, এভাবে মারধর করা ঠিক হয়নি। অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসা থেকে প্রত্যাহার করা হবে। এর আগেও তার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো আভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।


