ধূমকেতু নিউজ ডেস্ক : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। পরে বাস থেকে লাফিয়ে পড়ে নিজেকে আত্মরক্ষা করে ওই শিক্ষার্থী। এ ঘটনায় অভিযুক্ত বাস চালক খোকন মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে জেলার সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভিকটিম মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও নির্যাতনের শিকার কলেজ ছাত্রী জানান, সকালে মানিকগঞ্জে আসার উদ্দেশ্যে ধামরাই থানা রোড থেকে কালামপুর এন্টারপ্রাইজের একটি বাসে ওঠেন তিনি। কিছুদূর আসার পর বাস থেকে প্রায় সব যাত্রীই নেমে যায়। এরপর ওই কলেজ ছাত্রীও নামতে গেলে চালক তাকে বাধা দেয় এবং গন্তব্যে পৌছে দিবে বলে জানায়। বাসটি মানিকগঞ্জের নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড অতিক্রম করার পর চলন্ত বাসে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় হেলপার বাস চালাচ্ছিলো। এক পর্যায়ে ওই কলেজ ছাত্রী চালককে ধাক্কা মেরে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে।
পরে এক প্রাইভেটকার চালক বিষয়টি গোলড়া হাইওয়ে থানা পুলিশকে অবগত করলে বাস চালককে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এসময় বাসটিও জব্দ করা হয়।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুল আলম জানান, এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে বাস চালকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করা হয়েছে।


