ধূমকেতু প্রতিবেদক, পটুয়াখালী : পটুয়াখালীর বড়বিঘাই ইউপি তে মোটরসাইকেল চালক মাসুদ বেপারী (২৫) হত্যা মামলার অন্যতম আসামি বেল্লাল প্যাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এই মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) ইউনিয়নের স্থানীয় সৌদী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর রাতে খুন হন পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মাসুদ বেপারী (২৫)। পরদিন ৬ নভেম্বর সকালে স্থানীয় গনি সিকদারের বাড়ির পাশের রাস্তার ডোবা থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়।
মাসুদের মাথায় একাধিক ধারালো অস্ত্রের কোপ ও আঘাতের চিহ্ন ছিলো। এ ঘটনায় ওইদিন নিহতের ছোট ভাই মাহফুজ বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ তথ্য-প্রযুক্তির ব্যবহার ও তদন্তের মাধ্যমে এ ঘটনায় ওই সময়ে চারজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। ৭ নভেম্বর তাদের গ্রেপ্তার করে পুলিশ। এরমধ্যে একজন অভিযুক্ত ৮ নভেম্বর আদালতে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকার এবং কারা কারা সম্পৃক্ত তার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
এরই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফোর্সসহ এ হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত অন্যতম আসামি বেল্লাল প্যাদাকে আজ বড়বিঘাইর সৌদী বাজার থেকে গ্রেপ্তার করে। এদিকে বেল্লাল গ্রেপ্তার হওয়ার পর থেকে মজনু মোল্লা পলাতক রয়েছে।
পুলিশ বলছে, তদন্ত অব্যাহত রয়েছে তাই গ্রেপ্তারকৃত অন্য আসামিদের নাম এই মুহুর্তে প্রকাশ করছে না।
উল্লেখ্য, নিহত মোটরসাইকেল চালক সদ্য সম্পন্ন ইউপি নির্বাচনকালীন সময়ে নৌকা মার্কার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান মজনু মোল্লার নিজস্ব চালক হিসেবে কাজ করছিলেন।
খুন হওয়ার দিন রাতেও চেয়ারম্যান ও দলীয় কয়েকজন নেতা কর্মীকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন তিনি। রাতে নিখোঁজ হওয়ার পর সকালে তার লাশ পাওয়া যায়। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঘাতকরা তাকে টার্গেট করেছিলে বলে আভাস পাচ্ছে পুলিশ।


