ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : নিখোঁজের তিন দিন পরে কোরবান আলী মোল্লা নামের একজন ইজিবাইক চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরের দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মনিপার্কের পেছনের কটা মল্লিকের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
পরে রবিবার (১৪ নভেম্বর) সকালে নিহতের স্বজনরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে লাশের পরিচয় শনাক্ত করে।
কোরবান আলীর ছেলে মোমিন বলেন, গত বুধবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে ভাড়ায় যাত্রী বহনের জন্য বের হন তার বাবা। সেদিন রাত থেকে নিখোঁজ হন তিনি। ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি তার বাবা। রাত থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। পরেরদিন মিরপুর থানায় জিডি করা হয়। রোববার সকালে হাসপাতাল মর্গে এসে দেখি আব্বার মরদেহ। সন্ত্রাসীরা আমার বাবাকে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই করে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। তার ইজিবাইক ও হত্যারহস্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


