ধূমকেতু নিউজ ডেস্ক : অনলাইনে খাবার অর্ডার করাটা ইদানিং অনেকেরই প্রায় প্রতিদিনকার অভ্যাস। আবার অ্যাপ-নির্ভর এই পরিষেবার ভুলভ্রান্তি নিয়ে মাঝেমধ্যে অভিযোগও উঠে। তেমনই এক অভিযোগ নিয়ে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। খবর আনন্দবাজারের
অভিযোগের কেন্দ্রে অনলাইন খাবার সরবরাহের এক সর্বভারতীয় সংস্থা। টুইটারে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে ট্যাগ করে পোস্ট করা ওই চিঠিতে নায়ক অভিযোগ করেছেন, ৩ নভেম্বর সুইগি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছিলাম। কিছুক্ষণ পরে অ্যাপে বার্তা আসে, খাবার এসে গেছে। কিন্তু সেই খাবার আমার হাতে এসে পৌঁছায়নি।
আর এই বিষয়টি নিয়ে সংস্থার কাছে অভিযোগ জানালে তাকে খাবারের দাম ফেরত দিয়ে দেয়া হয় বলেও চিঠিতে লিখেছেন অভিনেতা।
আর এই বিষয়টিই সরকারের গোচরে আনতে চান টলিউডের ‘অভিভাবক’। কারণ, কলকাতা তো বটেই, দেশের যেকোনও প্রান্তে যে কেউ এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন।
চিঠিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি আরও লিখেন, কেউ যদি অতিথিদের জন্য খাবার আনাতে এই ধরনের অ্যাপের উপর নির্ভর করেন এবং সেই খাবার এসে না পৌঁছায়? কেউ যদি রাতের খাবারের জন্য এই অ্যাপগুলোতেই আস্থা রাখেন? তারা কি অভুক্ত থাকবেন?
আগামীতে এ ধরনের ঘটনার প্রতিকার চেয়েই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন অভিনেতা।


