ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়া জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। নির্বাচনকে ঘিরে নন্দীগ্রামের তিন প্রার্থী এখন প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তাঁরা ইউপি চেয়ারম্যান, সদস্য, পৌর মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এ নির্বাচনে নন্দীগ্রামের সাধারণ সদস্য পদে দুইজন এবং সংরক্ষিত নারী সদস্য পদে একজন প্রার্থী রয়েছে।
নন্দীগ্রাম উপজেলা ও শেরপুর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নন্দীগ্রাম উপজেলার দুই প্রার্থী হলেন- মুকুল মিঞা (অটোরিক্সা) ও মোত্তারিন জাহিদ (টিউবওয়েল)। এছাড়া সাধারণ সদস্য পদে শেরপুর উপজেলার রাশেদুল ইসলাম (তালাচাবি) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
সংরক্ষিত নারী সদস্য পদে (নন্দীগ্রাম, দুপচাঁচিয়া ও আদমদীঘি) ২নং ওয়ার্ডে নন্দীগ্রামের হাসনা আক্তার (মাইক) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। এ পদে শামীমা আখতার মুক্তা (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে রয়েছে।
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মকবুল হোসেন (আনারস) ও আব্দুল মান্নান আকন্দ (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনের ভোট গ্রহণ হবে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম)।
নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, আগামী ১৭ অক্টোবর বগুড়া জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নন্দীগ্রাম কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের প্রস্তুতি চলছে।


