ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। সোমবার (১ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যোগদান করেন।
বেলা ১১টায় গুলশান কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে বিএনপির ব্যানারে যুক্ত হন রেজা কিবরিয়া।
বিএনপিতে যোগ দিয়ে তিনি বলেন, ‘বিএনপিতে যোগ দিতে পারায় আমি গর্বিত। বিএনপিই দেশের গণতন্ত্রকে রক্ষা করেছে। নতুন দেশ গড়ার পথচলায় তারেক রহমানকে সব ধরনের সহযোগিতা করা হবে।’
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে রেজা কিবরিয়া গণফোরামে যোগদান করেন। পরে দলটির সাধারণ সম্পাদক হন। এরপর তিনি ডাকসুর ভিপি নুরুল হক নুরের সঙ্গে গণঅধিকার পরিষদ গঠন করেন। সেখানে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন।


