ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে বিয়ে ঠিক হওয়ায় হেতেমখাঁ এলাকায় এক তরুনীকে কোপানোর অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহতাবস্থায় ওই নারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনার পর থেকে সাবেক স্বামী গা ঢাকা দিয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী পরিবার। গত শনিবার দিনগত রাতে বাড়ি ফেরার পথে একা পেয়ে ২৩ বছরের ওই তরুণীর ওপর হামলে পড়েন তার সাবেক স্বামী। অভিযুক্ত যুবকের নাম সোহান (২৮)। মহানগরীর হেতেমখাঁ এলাকায় তার বাড়ি।
রামেক হাসপাতালে চিকিৎসাধীন আহত ওই তরুণীর বাবা জানান, ছয় বছর আগে একই এলাকার সোহানের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়েছিল। তবে বিয়ের পর তারা জানতে পরেন ছেলেটির চাকরি নেই, বেকার। কিন্তু বিয়ে হয়ে যাওয়ায় তারা আর কিছুই করতে পারেননি। ওভাবেই তার মেয়ে সংসার করছিল। কিন্তু ভবঘুরে ওই ছেলের অত্যাচার দিন দিন বাড়তে থাকে। তাই তিন বছর পর সোহানের সঙ্গে তার মেয়ের ডিভোর্স হয়ে যায়। বিয়ে বিচ্ছেদের তিন বছর পর তারা আবার মেয়ের বিয়ে ঠিক করেন। আগামী ৬ মে তার বিয়ের দিন ঠিক হয়েছে।
এ খবর পেয়ে মেয়ের সাবেক স্বামী সোহান তার ওপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তার মেয়েকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলেও জানান।
রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, তারা এ ঘটনাটি শুনেছেন। তবে, এখন পর্যন্ত ওই তরুণীর পরিবার থেকে কেউ থানায় অভিযোগ দেননি। পরিবারের কেউ থানায় অভিযোগ বা মামলা দিলে পুলিশ আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান ওসি।


