ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
জানা যায়, মঙ্গলবার (২১ জুন) ভোর সাড়ে ৫ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের ৩১ ওয়ার্ডের পেছনে বৈদ্যুতিক ফিডার বক্সে শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ওয়ার্ডে থাকা রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করে বলেন, বৈদ্যুতিক লোড বেশী হওয়ায় হয়তো ফিডার বক্সে শট সার্কিটের কারণে আগুন লেগে যায়। তবে বড় কোন ক্ষয়-ক্ষতি হয়নি। সেখানকার তারগুলো পুড়ে গেছে। আমরা জরুরী মিটিং করে সেটা ঠিক করে হাসাপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় কাজটি করছি বলেও জানান তিনি।


