ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পূর্বশত্রুতার জেরে হাসপাতাল থেকে তুলে নিয়ে স্কুল ছাত্রকে হত্যার ঘটনায় প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুর তিনটার দিকে মহানগরীর রেলগেট শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে প্রতিবাদ মিছিল শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেন।
জানা গেছে, গত রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী নগরের হেতেম খাঁ সবজিপাড়া এলাকায় সানি নামের ১৭ বছরের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত কিশোর রাজশাহী পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি রফিকুল ইসলামের ছেলে। এবার এসএসসি পরীক্ষার্থী ছিলেন তিনি। তার বাড়ি নগরের বোয়ালিয়া থানার দড়িখরবোনা এলাকায়। এই হত্যার ঘটনায় সানির পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসি এই প্রতিবাদ মিছিল-বিক্ষোভ সমাবেশ করেন।
আজকের এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণকারীরা নিহত সানির লাশ নিয়ে বিক্ষোভকারীরা হত্যা কান্ডের সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। একপর্যায়ে বিক্ষোভকারীরা লাশ নিয়ে মহাসড়কে বসে পড়লে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ মহাসড়কের সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়।
এই বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।


