ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক ১ম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে রাবি ভর্তিচ্ছু ও অভিভাবকদের গেস্ট হিসেবে মেসে রাখলে গুনতে হবে বাড়তি ২০০ থেকে ৫০০ টাকা।
বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে রাজশাহী মহানগর মেস মালিক সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজশাহী মহানগর মেস মালিকগণ ছাত্রবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গতবছর করোনা মহামারির মধ্যে রাসিক মেয়র মহোদয়ের প্রচেষ্টায় রাজশাহীর মেসগুলোতে ফ্রিতে থাকার ব্যবস্থা করা হয়। কিন্তু এবছর একজন শিক্ষার্থীরকে ফ্রিতে রাখা হবে। তবে একের অধিক গেস্ট থাকলে মেস ভেদে ২০০-৫০০ টাকা পর্যন্ত টাকা প্রদান করতে হবে। এছাড়া আরও নির্দেশনাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এবিষয়ে রাবি আরবি বিভাগের শিক্ষার্থী নেওয়াজ শরীফ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা নিজের অর্থে মেসে মাসিক ভাড়া দিয়ে থাকি তাহলে নতুন ভাবে গেস্ট আসলে কেন মেস মালিকদের বাড়তি অর্থ দিতে হবে। রাজশাহীতে শুধু মেস মালিক না ভর্তি পরীক্ষার সময় রিক্সা ও ইজিবাইকগুলোর ভর্তিচ্ছুসহ পাশাপাশি আমরাও জিম্মি ১০ টাকার ভাড়া ৮০-১০০ টাকা দেয়া লাগে। এর প্রতিকার দরকার এভাবে কতদিন চলবে।
এ বিষয়ে সুষ্ঠু প্রতিবাদ জানিয়ে অধ্যাপক ড. মাহাবুবুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখেন, যদি মেসে একজন ভর্তি পরীক্ষার্থী রাখতে ২০০ টাকা নেয়। আমি আমার ভর্তি পরীক্ষার পরিদর্শন বাবদ প্রাপ্ত টাকার ৫০% পরীক্ষার্থীদের (যাদের প্রয়োজন হবে) মেসে থাকার জন্য দিতে চাই।
এ বিষয়ে জানতে চাইলে মহানগর মেস মালিক সমিতির সভাপতি এনায়েতুর রহমান বলেন, আমাদের বিজ্ঞপ্তি আসলে সবার মনে হয় একটু বুঝতে সমস্যা হচ্ছে। ভর্তিচ্ছুদের সাথে যে অভিভাবক আসবে তাদের থাকতে শুধু টাকা দেয়া লাগবে। আমরা এটা সংশোধন করে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম বলেন, মেসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবক রাখার বিষয়ে মালিক সমিতির সাথে কথা হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে রাখার জন্য অনুরোধ করেছি।


