ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের মূল হোতাসহ আরও ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লাখ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার হয়।
এই মামলায় এখন পর্যন্ত ৯ আসামিকে গ্রেপ্তার ও ২০ লাখ ৬৯ হাজার ১০৬৫ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় আরএমপি সদরদপ্তর কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক।
গ্রেপ্তারকৃতরা হলো, ডাকাতির মূল হোতা রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান উত্তরপাড়ার মোকলেছুর রহমানের ছেলে নুর আলম নুরু (২৩), অ্যাম্বুলেন্স চালক পবা থানার বীর গোয়ালিয়ার মকবুল হুসাইনের ছেলে মুহাইমিনুল ইসলাম সবুজ (২৯) এবং রাজশাহী জেলার দূর্গাপুর থানার দাওকান্দি ব্রিজপাড়ার আব্দুর রশীদের ছেলে কামরুজ্জামান লিটন (২৬)।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট ২০২২ ভোর সাড়ে ৫ টায় নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে পান ব্যবাসায়ীর ৩৪ লক্ষ ২৭ হাজার টাকা ডাকাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সংঘবদ্ধ ডাকাত দলের ৬ সদস্যকে ১৬ লাখ ৮৪ হাজার ৯৪০ টাকা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করে। পুলিশ কমিশনারের নির্দেশে ডাকাতি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধার ও মুল হোতাসহ সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার দূর্গাপুর থানা এলাকা হতে আসামিদের গ্রেপ্তার করা হয়। এসময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া আরও ৫ লাখ ৮৫ হাজার ১২৫ টাকা উদ্ধার হয়।
অবশিষ্ট টাকা উদ্ধার ও সহযোগী আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


