ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : গত ১৩ জানুয়ারী, ২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার পবা-মোহনপুর আসনের এমপি আয়েন উদ্দিনের বিরুদ্ধে সুরঞ্জিত সরকার (হাটরা) মিথ্যা বানোয়াট কিছু বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছে বলে অভিযোগ ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের সদস্য দীলিপ কুমার সরকার (তপন)।
সোমবার (১৬ জানুয়ারী) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ মোহনপুর থানা শাখার প্যাডে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান তিনি।
দীলিপ কুমার সরকার (তপন) বলেন, সুরঞ্জিত সরকার (হাটরা) নিজেকে হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বলে যে বিবৃতি দিয়েছেন তাহা সত্য নয়। সুরঞ্জিত সরকার মোহনপুরে কোন সংগঠনের সঙ্গে যুক্ত নয়। নৌকা মার্কার বিদ্রোহী প্রার্থী হিসাবে জয়লাভ করতে না পারায় এমপিকে হেয় প্রতিপন্ন করার জন্য অন্য কারো প্ররোচনায় তার এই সংবাদ সম্মেলন। সুরঞ্জিত সরকার দলের জন্য কোনো জেল জুলুমের স্বীকার হননি বরং পুলিশ বিরোধী আচরণের কারণে জেলে গিয়েছিলেন তিনি।
তিনি বলেন, প্রকৃত পক্ষে আয়েন উদ্দিন জনবান্ধন এমপি। একটি কুচক্রী মহল তার উপর ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আজ আমার ধর্মকে ব্যবহার করে যে চক্র সংবাদ সম্মেলন করেছে তাদের বিষয়ে বলার কারণ হলো, এটা আমার দ্বায়িত্ববোধ।
দীলিপ কুমার সরকার বলেন, আমি মোহনপুর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য হিসাবে উক্ত সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


